পাল্টা সরব হয়েছেন বিজেপি নেতারা। কেন্দ্র থেকে রাজ্যের মন্ত্রী, রাজ্যে রাজ্যে পদ্ম শিবিরের নেতারা সদলবলে নেমে পড়েছেন রাহুলকে পাল্টা আক্রমণ শানাতে।
দেশজুড়ে ভোট চুরির (Vote Theft) অভিযোগ তুলে আগেই শোরগোল ফেলে দিয়েছেন কংগ্রেস নেতার রাহুল গান্ধী (Rahul Gandhi)। বৃহস্পতিবার বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Election 2025) প্রথম দফার ভোট গ্রহণের কয়েক ঘন্টা আগে বিজেপির (BJP) বিরুদ্ধে রাহুলের তোলা ভোট চুরির নয়া অভিযোগকে হাতিয়ার করে পদ্ম শিবিরকে আক্রমণ জোরালো করেছে বিরোধী পক্ষ।
অন্যদিকে পাল্টা সরব হয়েছেন বিজেপি নেতারা (BJP Leaders)। কেন্দ্র থেকে রাজ্যের মন্ত্রী, রাজ্যে রাজ্যে পদ্ম শিবিরের নেতারা সদলবলে নেমে পড়েছেন রাহুলকে পাল্টা আক্রমণ শানাতে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং বিজেপির প্রথম সারির নেতা অনুরাগ ঠাকুর লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ দলীয় স্বার্থে কংগ্রেস নেতা দেশের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে বাকি বিশ্বকে সন্দিহান করে তুলছেন।
বুধবার রাহুল গান্ধী (Rahul Gandhi) তৃতীয় দফায় ভোটার তালিকা নিয়ে মুখর হয়েছেন। একাধিক রাজ্যে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে তিনি দাবি করেছেন বিজেপির বিজয়ের পেছনে রয়েছে বড় ধরনের নির্বাচনী কারচুপি।
রাহুলের অভিযোগ নিয়ে সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং অবাক করা প্রতিক্রিয়া এসেছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) কাছ থেকে। বিহারের এই নির্বাচনে প্রশান্তের জন সুরাজ পার্টির (JSP) এবারই প্রথম বিধানসভা ভোটে লড়াই করছে। রাহুল গান্ধীর অভিযোগ ন্যায্য এবং নির্বাচন কমিশনের জবাবদিহি করা উচিত বলে বুধবার বেশি রাতে সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন প্রশান্ত।
ভোট কুশলী হিসেবে প্রশান্ত কিশোর কখনই রাহুল গান্ধীকে নেতা হিসেবে পাশ মার্ক দেননি। এমনকি বিহারের রাহুলের ভোট অধিকার যাত্রা নিয়েও প্রশ্ন তুলেছিলেন প্রশান্ত। বুধবার রাতে তিনি বলেছেন, রাহুল গান্ধী ভোট চুরি যে অভিযোগ তুলেছেন তা গুরুতর। এর তদন্ত হওয়া উচিত। এবং নির্বাচন কমিশনকে সব স্পষ্ট করতে হবে।
তবে বলেছেন, বিহারে বিজেপি ভোট চুরি করতে পারবে না। এই রাজ্যে রাজনৈতিক দলগুলি অত্যন্ত সচেতন এবং নির্বাচন প্রক্রিয়ার দিকে তাদের কঠোর নজর রয়েছে।
সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণও কংগ্রেস নেতার অভিযোগকে মান্যতা দিয়ে বলেছেন, ভারতে নির্বাচন এক গুরুতর প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। প্রসঙ্গত এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে চলমান মামলায় এই নামজাদা আইনজীবী একাধিক মামলাকারীর হয়ে সওয়াল করেছেন। তাঁর বক্তব্য নির্বাচন কমিশন ভারত সরকারের হয়ে কাজ করছে। ভোটার তালিকা সংশোধনে তারা নাগরিকত্ব যাচাইকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে। এটা বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের এজেন্ডা।
রাহুল গান্ধীর অভিযোগকে গুরুতর বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্যসভার উপনেতা সাগরিকা ঘোষ। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ভোটারদের আস্থা হারিয়েছে। শিবসেনা (ইউবিটি)-র নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, বিগত কয়েকটি নির্বাচনে পরিকল্পিতভাবে মানুষের মতামতকে ছিনিয়ে নেওয়া হয়েছে।