উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টার অর্থাৎ প্রথম পর্বের ফলপ্রকাশ হতেই ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারে সফল সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাদেরও অভিনন্দন জানাই। দেশের মধ্যে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা হল। এই বিপুল আয়োজন সঠিকভাবে করার জন্য এর সঙ্গে যুক্ত সকলকে আমার ধন্যবাদ জানাই। যারা এবার ভালো ফল করতে পারো নি তাদের বলব, হতাশ না হয়ে চতুর্থ সেমিস্টারে যাতে ভালো ফল হয় তার চেষ্টা করো।’
মুখ্যমন্ত্রীর পাশাপাশি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও (Bratya Basu)। তিনি লেখেন, ‘আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফলপ্রকাশ হল। পাশের হার ৯৩.৭২% যা ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত সর্বোচ্চ। সফল ছাত্র-ছাত্রীদের জন্য রইল আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ভারতের মধ্যে প্রথম এই পদ্ধতিতে পরীক্ষা হল তাই যারা কৃতিত্বের স্বাক্ষর রাখলে তাদের জন্য রইল আরও এগিয়ে চলার শুভেচ্ছা। যারা এই পরীক্ষায় ততোটা সফল হলে না,তারাও হতাশ হয়ো না। চতুর্থ সেমিস্টারের সঙ্গে সঙ্গে তোমাদের আরো একবার সফল হওয়ার সুযোগ পাচ্ছো। নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে তোমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখবে এবং বাঙলার কৃষ্টি ও সংস্কৃতিকে আরো এগিয়ে নিয়ে যাবে এই আশা রাখি।