বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ফোন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু একই সঙ্গে বেড়েছে হ্যাকিংয়ের ঝুঁকিও। অনেক সময় বুঝতেই পারি না আমাদের ফোনে কেউ অনধিকার প্রবেশ করেছে কিনা। কিছু লক্ষণ খেয়াল করলেই সহজে বোঝা যায় মোবাইলটি হ্যাক হয়েছে কি-না।
প্রথমত, মোবাইলের গতিতে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। হঠাৎ করে ফোন খুব স্লো হয়ে গেলে, অ্যাপ খুলতে বেশি সময় নিলে বা বারবার হ্যাং করলে বুঝতে হবে ব্যাকগ্রাউন্ডে কোন ম্যালওয়্যার কাজ করছে। একইভাবে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া এবং ফোন অকারণে খুব গরম হয়ে যাওয়াও হ্যাক হওয়ার গুরুত্বপূর্ণ লক্ষণ। কারণ স্পাইওয়্যার বা হ্যাকিং সফটওয়্যারগুলি সারাক্ষণ চালু থাকে।
দ্বিতীয়ত, ডেটা ব্যবহার অস্বাভাবিক বেড়ে যাওয়া আরেকটি বড় সতর্কতা। আপনি তেমন ব্যবহার না করলেও যদি মোবাইল ডেটা দ্রুত শেষ হয়ে যায়, তাহলে স্পাই অ্যাপ ইন্টারনেট ব্যবহার করে তথ্য বাইরে পাঠাচ্ছে হতে পারে।
তৃতীয়ত, ফোনে অচেনা অ্যাপ দেখা গেলে বা আপনি ইনস্টল না করেও নতুন অ্যাপ নিজে থেকে ইনস্টল হয়ে গেলে তা খুবই বিপজ্জনক লক্ষণ। এছাড়া ফোনে হঠাৎ পপ-আপ অ্যাড বাড়লে বা নিজে থেকে ব্রাউজার খুলে গেলে ধরে নিতে হবে ম্যালওয়্যার ঢুকেছে।
চতুর্থত, আপনার সোশ্যাল মিডিয়া বা ব্যাংকিং অ্যাকাউন্টে সন্দেহজনক লগইন দেখা গেলে বা আপনার অনুমতি ছাড়াই মেসেজ পাঠানো হলে বুঝে নেবেন ফোন হ্যাকারের নিয়ন্ত্রণে যেতে শুরু করেছে।
সবশেষে, যদি কেউ আপনার কথাবার্তা বা ব্যক্তিগত তথ্য সম্পর্কে অস্বাভাবিকভাবে বেশি জানে, তবে সেটিও ফোনে স্পাইওয়্যার থাকার ইঙ্গিত হতে পারে।
কী করবেন?
অচেনা অ্যাপ ডিলিট করুন, ফোন রিস্টার্ট করে সেফ মোডে চেক করুন, অ্যান্টিভাইরাস স্ক্যান চালান এবং প্রয়োজনে পুরো ফ্যাক্টরি রিসেট করুন। সব অ্যাকাউন্টের পাসওয়ার্ডও বদলে ফেলুন।